জাতীয়
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে: আইন উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার পুলিশ রিপোর্ট আসার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি বলেন, “দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্টের পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পন্ন হবে।”

ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানানো হয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “বাংলাদেশের জনগণ শুধু রক্ত দিয়ে যাবে সেটা শেষ। যারা আমার ভাইকে হত্যা করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। রক্তপাত একবার শুরু হলে তা থামানো কঠিন হবে। জুলাই-পরবর্তী সময়ের জন্য এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।”

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হত্যার ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়।

মতামত দিন