দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা:ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তিকে সংখ্যালঘু হিসেবে তুলে ধরা হয়েছে যা একদমই সঠিক নয়। ভারতীয় পক্ষের আশা শুধুমাত্র “কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে” হিসেবে সীমাবদ্ধ, কিন্তু প্রকৃত ঘটনা আরও গুরুতর। ঢাকা আশা করছে, ভারত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ২০-২৫ জন যুবক ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং সংখ্যালঘুদের সুরক্ষা দাবি করেন। তিনি বলেন, এই ঘটনায় কোনো নিরাপত্তা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।
জয়সওয়াল আরও জানান, ভারতের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।
মতামত দিন