বাবার লাশ ফ্রিজারে রেখে সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা।
চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির বণ্টনকে কেন্দ্র করে সৎ ভাই-বোনদের মধ্যে বিরোধের জেরে ৭০ বছর বয়সী মো. সেকান্দর মিয়ার লাশ বাড়ির উঠানে ফ্রিজারে রাখা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বার্ধক্যজনিত রোগে শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত্যুবরণ করেন মো. সেকান্দর। মৃত্যুর পরও দাফনের বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমাধান হয়নি। বাবার প্রথম স্ত্রী ও তার পাঁচ সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর তিন সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।
প্রথম স্ত্রীর মেয়ে আয়শা বলেন, “বাবা আমাদের অংশের সম্পত্তি দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে রেজিস্ট্রি করেছেন। যতক্ষণ আমাদের অধিকার বুঝিয়ে দেওয়া হবে না, আমরা লাশ দাফন করতে দেব না।” অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান ইমতিয়াজ বলেন, “প্রথমে লাশ দাফন হোক, পরে আমরা বৈঠক করে সমাধান করব।”
হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই জালাল ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং সুষ্ঠু সমাধানের চেষ্টা চালাচ্ছেন।

মতামত দিন