ডিএসসিসি এলাকায় অনুমতিবিহীন নির্বাচনী সামগ্রী অপসারণ সম্পন্ন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সব ধরনের অনুমতিবিহীন নির্বাচনী প্রচারণা সামগ্রী সরানো হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান জানিয়েছেন, ২ ডিসেম্বর একটি গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলকে স্বেচ্ছায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড ও অন্যান্য নির্বাচনী উপকরণ সরানোর আহ্বান জানানো হয়।
১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই ২০২৫-এর জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের তফসিল ঘোষণা করলে, ৪৮ ঘণ্টার মধ্যে ডিএসসিসি প্রায় সব নির্বাচনী সামগ্রী অপসারণে সফল হয়। অপসারণের কার্যক্রম এখনও চলমান।
ডিএসসিসি একই সঙ্গে শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫” মেনে চলার জন্য সকলকে আহ্বান জানাচ্ছে। এছাড়া, যদি কেউ পুনরায় অনুমতিবিহীন সামগ্রী স্থাপন করে, তা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ০২২২৩৩৮৬০১৪ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।
মতামত দিন