জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শাখা ছাত্রদলের বিক্ষোভ।

নিজেস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ভালুকা ও লক্ষ্মীপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড এবং দেশব্যাপী সকল হত্যার বিচারের দাবিতে রোববার (২১ ডিসেম্বর) ঢাকার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। একই সঙ্গে সংগঠনটি সারা দেশে ছড়িয়ে পড়া মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষপর্যায়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে এই কর্মসূচি সমাপ্ত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবেক্রেসির ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘ডেমোক্রেসি, ডেমোক্রেসি’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৫ আগস্টের পর থেকে এক নির্দিষ্ট গোষ্ঠী ধর্মকে অরাজকতার স্বার্থে ব্যবহার করে মব সন্ত্রাস চালাচ্ছে। যারা দেশের বাইরে থেকে অনলাইনে ঘৃণা ছড়াচ্ছে, তাদের ছাত্রদল প্রতিহত করবে। তিনি আরও বলেন, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিভাজন তৈরি করা দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।

ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় বলেন, মব সংস্কৃতির নামে চলমান অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সঞ্চালনা করেন এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মতামত দিন