জাতীয়
ছবি: সংগৃহীত

ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পাঁচ যান পানিতে, উদ্ধার ৩ মরদেহ।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদী পারাপারের সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নদীর মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্ব দিকের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগোতে থাকে। এতে ফেরির সামনের অংশে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান একে একে নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্য যাত্রীরা পানিতে তলিয়ে যান। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আপাতত তল্লাশি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে আরও কেউ নিখোঁজ থাকার তথ্য মিললে সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। একই সঙ্গে ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

মতামত দিন