জাতীয়
ছবি: সংগৃহীত

হাদি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন: প্রধান উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও শেষকৃত্য সম্পন্ন হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকালেই তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যার নেতৃত্ব দেন তার বড় ভাই।

জানাজার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ড. মুহাম্মদ ইউনূস জানাজার আগে বলেন, “শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল ‘বল বীর চির উন্নত মম শির’। তিনি আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়েছেন। এই মন্ত্র চিরকাল আমাদের মনে থাকবে।” তিনি আরও বলেন, হাদি শুধু বিদায় নিয়েছেন না, বরং তার সাহস, উঁচু মাথায় দাঁড়ানোর মনোভাব ও নির্ভীক জীবন বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানাজার পর শাহবাগে জনসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারী এখনও গ্রেফতার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর পরিবার তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করেন। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর রাষ্ট্রীয় শোক হিসেবে শনিবার সারাদেশে একদিনের শোক পালিত হয়।

মতামত দিন