জাতীয়
ছবি: সংগৃহীত

হামলা ও অগ্নিসংযোগের পর ছাপা হলো না প্রথম আলো ও ডেইলি স্টারের পত্রিকা।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীতে পত্রিকা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনার জেরে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ছাপা সংস্করণ প্রকাশ করতে পারেনি দৈনিক প্রথম আলোদ্য ডেইলি স্টার

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেন পত্রিকা দুটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন সংবাদপত্র স্টলে খোঁজ নিয়ে দেখা গেছে, কোথাও এই দুটি পত্রিকা সরবরাহ করা হয়নি।

পত্রিকা কর্তৃপক্ষ জানায়, রাতে হঠাৎ করে কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে কর্মীদের দ্রুত ভবন ত্যাগ করতে বলা হয়। এতে করে অফিসের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে শুক্রবারের ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। একই সঙ্গে দুই পত্রিকার অনলাইন কার্যক্রমও আপাতত স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা চালায়। এ সময় ভবনে ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

হামলার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের উদ্ধার করে। এ ঘটনায় দুজন ফায়ার ফাইটার আহত হন।

এদিকে, ডেইলি স্টার ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে হেনস্তার শিকার হন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষোভকারী তাকে ধাক্কাধাক্কি ও চুল টানাসহ নাজেহাল করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছায়। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

হাদির মৃত্যুতে অন্তর্বর্তী সরকার আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

মতামত দিন