জাতীয়
ছবি: সংগৃহীত

হাদির হত্যার বিচারের দাবিতে সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর থেকে তারা সড়কে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ আশপাশের সরকারি ও বেসরকারি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় জড়ো হন। পরে তারা সড়কের ওপর বসে পড়লে নীলক্ষেতমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শরিফ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টানা কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে।


মতামত দিন