সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু, শাহবাগ অবরোধে বিক্ষোভ।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়।
হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে সেখানে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও। একপর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এক দফা এক দাবি, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এদিকে রাতেই নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাদির মৃত্যুর খবর জানায় ইনকিলাব মঞ্চ। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

মতামত দিন