সচিবালয়ে ভাতা সংক্রান্ত আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত।
সচিবালয়ে ভাতা সংক্রান্ত আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে ১৪ জন সরকারি কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট আদালতে গৃহীত হওয়ায় বিধি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ ডিসেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের আদেশ জারি করা হয়।
বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, রোমান গাজী ও আবু বেলালকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ তালিকায় আরও আছেন তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক।
ভাতা বৃদ্ধির দাবিতে গত ১০ ডিসেম্বর সচিবালয়ে আন্দোলনে নামেন একাংশ কর্মচারী। ওইদিন প্রায় ছয় ঘণ্টা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরের কার্যক্রম ব্যাহত হয়। পরদিনও আন্দোলন চলতে থাকলে নেতৃত্বে থাকা কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয়।
সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কর্মচারীদের একটি অংশ আন্দোলন অব্যাহত রাখে। সতর্কবার্তা উপেক্ষিত হওয়ায় শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচিবালয় চত্বরে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়।

মতামত দিন