বিজয়ের ৫৪ বছরে আকাশে লাল-সবুজের ইতিহাস, প্যারাট্রুপিংয়ে গড়ল বিশ্ব রেকর্ড।
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে স্মরণীয় এক কীর্তি স্থাপন করল বাংলাদেশ। একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন, যা এ ধরনের প্রদর্শনীর ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। স্বাধীনতার ৫৪ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে পতাকা হাতে অবতরণ করেন।
এই ঐতিহাসিক প্রদর্শনী প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের অংশ হিসেবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আকাশে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমে। আকাশে লাল-সবুজ পতাকার এই অনন্য দৃশ্য বিজয়ের দিনে দেশবাসীর আবেগকে নতুন করে নাড়া দেয়।
মতামত দিন