আরও সময় পেল মোবাইল ব্যবসায়ীরা, ১৬ ডিসেম্বর বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন।
মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য চালু হতে যাওয়া ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ ব্যবস্থা নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে না। আগামী ১৬ ডিসেম্বরের বদলে ১ জানুয়ারি থেকে এ সিস্টেম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কমিশনের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনইআইআর চালুর প্রস্তুতির অংশ হিসেবে দেশে আমদানি করা কিন্তু এখনো বিক্রি না হওয়া মোবাইল ফোনগুলোর তথ্য নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা ছিল। সে অনুযায়ী ১৫ ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার সময় দেওয়া হয়।
তবে কমিশনের পর্যবেক্ষণে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মোবাইল ফোন ব্যবসায়ী এখনো তাদের মজুত থাকা হ্যান্ডসেটগুলোর তথ্য দাখিল করতে পারেননি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে এনইআইআর কার্যকর করার তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবিক্রীত ও স্থিত মোবাইল হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে অন্তর্ভুক্তির সুযোগ দিতে তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব ব্যবসায়ীকে নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাটে আইএমইআইসহ প্রয়োজনীয় তথ্য neir@btrc.gov.bd ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য অন্তর্ভুক্ত করা হলে এসব হ্যান্ডসেট এনইআইআর সিস্টেমের আওতায় এনে নির্বিঘ্নে ব্যবহারের সুযোগ থাকবে।

মতামত দিন