হাদির বিদেশে চিকিৎসার সব খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা।
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্র সরকারিভাবে সব ধরনের ব্যয় বহন করবে। সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রয়েছে এবং তা আরও সুসংহত হবে। বিদেশে হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যয়, মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণসংক্রান্ত খরচসহ সকল ব্যবস্থা রাষ্ট্র বরাদ্দ দেবে। নির্বাচনী ব্যয় নিয়েও কোনো সমস্যা হবে না। আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থও বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।
প্রেস উইং জানিয়েছে, দুপুরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, হাদির চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। হামলার সময় হাদিকে রিকশায় করে যাওয়ার পথে লক্ষ্য করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন