জাতীয়
ছবি: সংগৃহীত

ডিবি হেফাজতেই আছেন সাংবাদিক আনিস আলমগীর।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রেখে সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তবে এখনো তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপি সদর দপ্তরে এক প্রশ্নের জবাবে পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে।

ডিএমপি সূত্র জানায়, রোববার (১৪ ডিসেম্বর) আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়। তবে শুরুতে তাকে হেফাজতে নেওয়ার কারণ প্রকাশ করা হয়নি। পরে রাতে ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আনা হয়েছে।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আনিস আলমগীরের একটি স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সঙ্গে বিভিন্ন টেলিভিশন টকশোতে তার বক্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়।

এদিকে সন্ত্রাসবিরোধী আইনে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। এ মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজের নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নিষিদ্ধ সংগঠনগুলোর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন আলোচনায় প্রচার চালানো হয়েছে। এতে রাষ্ট্রবিরোধী তৎপরতা উসকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন