জাতীয়
ছবি: সংগৃহীত

এবার মেডিকেলে সারা দেশে প্রথম হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী। মোট পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে নারী পরীক্ষার্থীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি।

ফলাফলে সারা দেশে প্রথম হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তার রোল নম্বর ২৪১৩৬৭১। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন এবং সর্বোচ্চ ৯১ দশমিক ২৫ নম্বর অর্জন করেন।

চলতি বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন। এছাড়া নিয়ম ভঙ্গের দায়ে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন, যা মোট উত্তীর্ণের ৩৮ দশমিক ১৩ শতাংশ। নারী পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৫১৪ জন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।

ফলাফল দেখবেন যেভাবে

ভর্তিচ্ছুরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ‘MBBS Result 2025-2026’ অপশনে গিয়ে নিজ নিজ রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন। ফলাফল অনলাইনে দেখা ছাড়াও ডাউনলোড ও স্ক্রিনশট নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি মেধাতালিকাও পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।

মতামত দিন