জাতীয়
ছবি: সংগৃহীত

হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের হুমকি,ভারত থেকে ফোনে ভয়ভীতি দেওয়া হচ্ছে: ডা.আহাদ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিকিৎসকদের উদ্দেশে বিদেশ থেকে ধারাবাহিক হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।

রোববার দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। ঢামেকে হাদির অস্ত্রোপচার ও চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ডা. আহাদ।

তিনি বলেন, “আমাদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ভারত থেকে নিয়মিত ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ব্যক্তিগত ফোন নম্বর বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের পরিবারের সদস্যদের তথ্য ও বাসার লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে।”

চিকিৎসকরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একজন রোগীর চিকিৎসা দেওয়ার কারণে এভাবে হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত।

হাদির চিকিৎসা প্রসঙ্গে ডা. আহাদ জানান, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, “মেডিকেল বোর্ড ইতোমধ্যে একটি কেস সামারি প্রস্তুত করেছে। কিন্তু রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিদেশে স্থানান্তরের মতো স্থিতিশীল কি না—এটি এখনো বড় প্রশ্ন। সবকিছু নির্ভর করছে রোগীর শারীরিক উন্নতির ওপর।”

এদিকে হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।

মতামত দিন