মেডিকেল–ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
২০২৫–২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে এই ফল প্রকাশ করা হয়।
এর আগে, গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস কোর্সে ৫ হাজার ১০০টি এবং বিডিএস কোর্সে ৫৪৫টি আসন। অন্যদিকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি—এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি।
সব মিলিয়ে এমবিবিএস ও বিডিএস কোর্সে মোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ আবেদনকারী ৪৯ হাজার ২৮ জন এবং নারী আবেদনকারী ৭৩ হাজার ৬০৪ জন।
ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন এবং বহিষ্কৃত হন ২ জন।
ফলাফলে দেখা যায়, মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন। এর মধ্যে নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ) এবং পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ)।
ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত স্কোর নির্ধারণ করা হয়েছে। সেই স্কোরের ভিত্তিতে মেধাক্রম ও পছন্দ অনুযায়ী সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ এবং ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে নির্বাচিতদের মধ্যে নারী শিক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ শিক্ষার্থী ২ হাজার ৪২ জন। এ বছর ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ছিল ৯১ দশমিক ২৫।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণের পর নির্ধারিত নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ফল দেখবেন যেভাবে
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ‘MBBS Result 2025–2026’ অপশনে রোল নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন। মেধাতালিকাও পিডিএফ আকারে অনলাইনে প্রকাশ করা হয়েছে।
মতামত দিন