জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন ও গণভোট সামনে রেখে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল প্রবর্তন করতে যাচ্ছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রটোকলে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে কীভাবে রাজনৈতিক নেতা, প্রার্থী ও তাদের কর্মীরা বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং অনলাইন কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের বাড়তি নিরাপত্তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস উইং আরও জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ ইতোমধ্যেই হামলাকারী ও সহযোগীদের শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে, এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার কাজ চলছে।

প্রধান সন্দেহভাজন যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। যদিও দেশের বিভিন্ন এলাকায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করা গেছে, বারবার স্থান পরিবর্তনের কারণে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রধান সন্দেহভাজন আইটি ব্যবসায়ীর পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ ২১ জুলাই তিনি সিঙ্গাপুরে ভ্রমণ করেছিলেন। হামলার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে এমন আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে, এই প্রটোকল নিশ্চিত করবে রাজনৈতিক প্রার্থীরা নিরাপদে নির্বাচনী কার্যক্রম চালাতে পারবেন এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা অক্ষুণ্ণ থাকবে।

মতামত দিন