জাতীয়
ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের রুলে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ স্থগিত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একইসঙ্গে আদালত চট্টগ্রাম সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে ৩০ দিনের মধ্যে আবেদনকারীর আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি ফজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালতের রুলে বলা হয়েছে, নগরীতে ব্যাটারিচালিত রিকশার চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না যতক্ষণ না আবেদনটি প্রক্রিয়াকৃত ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মহানগর ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা চালক-মালিক ঐক্য পরিষদ মেয়রের কাছে ২৫ হাজার মালিকের লাইসেন্স প্রদানের অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু মেয়রের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম সরকার উচ্চ আদালতে আবেদন করেন।

ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. সানাউল্যাহ চৌধুরী বলেন, “আদালতের নির্দেশনায় বলা হয়েছে যে চসিক যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। আমরা চাই ধীরগতির এই বাহনগুলো বৈধভাবে জনস্বার্থে সড়কে চলাচলের সুযোগ পিক। আমাদের পক্ষ থেকে ২৫ হাজার ইজিবাইক চলাচলের আবেদন করা হয়েছে, চসিক কতটি মঞ্জুর করবেন তা তাদের বিষয়। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

আদালতের রুল অনুযায়ী, আবেদনকারীর আইনানুগ দাবি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অন্যথায় উচ্ছেদ স্থগিত রাখতে নির্দেশ কার্যকর থাকবে।

মতামত দিন