হাদির ওপর গুলির ঘটনায় পঞ্চগড় সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ও তল্লাশি জোরদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত সন্দেহভাজনকে দেশ ত্যাগ করতে না দেয়ার জন্য পঞ্চগড় সীমান্তে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন।
সূত্র জানায়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলদলের পাশাপাশি বিশেষ তল্লাশিদল মোতায়েন করা হয়েছে। এর আওতায় চলাচলকারী যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের নিবিড়ভাবে পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপিতেও তল্লাশি ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, কে-৯ ইউনিটের (ডগ স্কোয়াড) মাধ্যমে সীমান্ত এলাকায় বিশেষ তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং অন্য দেশ থেকে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ বাংলাদেশে প্রবেশ প্রতিরোধ করা।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “সন্দেহভাজন কেউ সীমান্ত পেরিয়ে পালাতে না পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

মতামত দিন