জাতীয়
ছবি: সংগৃহীত

হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন চিহ্নিত, তথ্য চেয়ে পুলিশের আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) সংঘটিত হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার ভিত্তিতে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার অভিযান চালানো হচ্ছে। শনাক্ত সন্দেহভাজনকে আটক করতে পুলিশ সক্রিয়ভাবে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, উক্ত ব্যক্তির অবস্থান বা পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে। এজন্য সরাসরি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ বা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ নম্বরগুলো হলো—
ডিসি, মতিঝিল: ০১৩২০০৪০০৮০
ওসি, পল্টন: ০১৩২০০৪০১৩২

পুলিশ আশ্বস্ত করেছে, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং কার্যকর তথ্যের ক্ষেত্রে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।

মতামত দিন