হাদি হামলার শুটার দেশ ছাড়েনি, সীমান্ত পাড়ির তথ্য নেই: ডিএমপি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত প্রধান শুটার সীমান্ত অতিক্রম করেছে—এমন কোনো তথ্য পুলিশের কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণে হামলার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
তিনি জানান, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের সূত্র ধরে এর মালিক আব্দুল হান্নানকে শনাক্ত করা হয়। র্যাব তাকে আটক করে পরে পল্টন থানায় হস্তান্তর করেছে। একই সঙ্গে হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
ডিএমপির মুখপাত্র বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রধান সন্দেহভাজন শুটারকে শনাক্ত করা হয়েছে। তবে সে দেশ ছেড়ে পালিয়েছে বা সীমান্ত পাড়ি দিয়েছে—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।”
হাদিকে কেন টার্গেট করা হলো এবং হামলার সময় নির্বাচনকালীন প্রেক্ষাপটের সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা—এসব বিষয় তদন্তের আওতায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘টার্গেট কিলিং’য়ের কোনো নির্দিষ্ট হুমকি পুলিশের কাছে নেই। “নির্বাচনী সময়ে প্রার্থী ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ না থাকলেও তদন্ত কার্যক্রম চলমান থাকবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।
মতামত দিন