জাতীয়
ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জের জাবালে নুর মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আসেনি, ৪২ জন জীবিত উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কেরানীগঞ্জের আগানগর এলাকায় জাবালে নুর সুপার মার্কেটে লাগা আগুন এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে রাখতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে ভবনের ভেতর থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থলে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনটির বেজমেন্টে থাকা একটি জুটের গুদাম থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ধোঁয়ার তীব্রতার কারণে উদ্ধার ও আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। বেজমেন্টে থাকা একাধিক গোডাউনের শাটার ভেঙে ভেতরে ঢুকে ফায়ার ফাইটারদের কাজ করতে হচ্ছে। তবে আগুন যেন পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তারা সফল হয়েছেন।

তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, ঘটনাস্থলে এখন পর্যন্ত কোনো কেমিক্যাল বা বিস্ফোরক জাতীয় উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিস্ফোরণের কোনো চিহ্নও নেই। ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যারা এখনও ভেতরে থাকতে পারেন, তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বাবুবাজার এলাকার ওই মার্কেট কাম আবাসিক ভবনে আগুন লাগার খবর আসে। ভবনের নিচতলায় জুট ও পোশাকসহ বিভিন্ন মালামালের গুদাম রয়েছে,আর ওপরের তলাগুলোতে বসবাস করা হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক জানান, ভবনটির নকশা ও অনুমোদন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, গ্যারেজ হিসেবে নির্ধারিত স্থানে গুদাম তৈরি করা হয়েছে, যা বিল্ডিং কোডের স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন