জাতীয়
ছবি: সংগৃহীত

এভারকেয়ারে ওসমান হাদী, পরিবারের পাশে জুবাইদা রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে হাদীর ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এদিকে হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। বিবিসি বাংলাকে দেওয়া তথ্যে ইনকিলাব মঞ্চের এক সদস্য জানিয়েছেন, হামলায় জড়িত দুই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা বলেন, মোটরসাইকেলে আসা দুজনের একজন গুলি চালায়। মাঝখানে কয়েকদিন তারা দলের কাজে অনুপস্থিত থাকলেও সাম্প্রতিক সময়ে আবার প্রচারণায় সক্রিয় হয়।

ঘটনার তদন্তে পুলিশ ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ড সংগ্রহ করে যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

মতামত দিন