বিজয়নগরে হাদীকে গুলি,হামলাকারীদের শনাক্ত যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে:ডিএমপি কমিশনার।
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যে কোনো মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং তাদের ধরতে একাধিক টিম মাঠে কাজ করছে।
এর আগে সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ওসমান হাদী।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ সন্দেহভাজন ব্যক্তি ও সম্ভাব্য অবস্থানে অভিযান চালাচ্ছে বলে জানানো হয়।
ডিএমপি হামলার ঘটনাকে ‘ন্যক্কারজনক ও কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় দুই মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে ওসমান হাদীকে গুলি করে। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন।
মতামত দিন