জাতীয়
ছবি: সংগৃহীত

হাদী বর্তমানে কোমায় আছেন,পরিস্থিতি অত্যন্ত সংকটজনক: চিকিৎসক।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন—হাদী বর্তমানে কোমায় আছেন এবং মাথায় গুলি লেগে তার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা দেড়টার পর রাজধানীর বিজয় নগরের কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, তাকে হাসপাতালে আনার সময় বাম কানের নিচে গুলির চিহ্ন দেখা যায়। চিকিৎসকেরা দ্রুত তাকে সংকটাপন্ন হিসেবে ঘোষণা করেন।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, গুলিবিদ্ধ হওয়ার খবর তারা পেয়েছেন, তবে কোন স্থানে হামলা হয়েছে সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

হাদীর ওপর হামলার আগে থেকেই তার বিরুদ্ধে হুমকি চলছিল বলে তিনি নিজেই অভিযোগ করেছিলেন। গত ১৩ নভেম্বর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে জানান—বিদেশি নম্বর থেকে পরপর কল ও বার্তার মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তার ভাষ্যমতে, তিন ঘণ্টায় অন্তত ৩০টির মতো কল আসে, যেখানে তাকে নজরদারিতে রাখা, পরিবারকে ক্ষতি করা এবং হত্যা করার কথা বলা হয়।

ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি আরও লিখেছিলেন—
তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার মা-বোন-স্ত্রীকে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে, এবং ‘১৭ তারিখের রায়’ নিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে। লিখেছিলেন, এই লড়াই থেকে তাকে সরানো যাবে না; প্রয়োজনে জীবন দিয়েও তিনি অবস্থান ধরে রাখবেন।

তিনি আরও মন্তব্য করেন, একটি আবরারের মৃত্যু যেমন হাজারো প্রতিবাদী কণ্ঠ তৈরি করেছে, তেমনি তাকে হত্যা করা হলেও জনগণের ভেতর আরও বহু হাদী জন্ম নেবে। তার কথায়—স্বাধীনতার সুর কোনো শক্তি থামাতে পারবে না।

শেষে তিনি আল্লাহর নিকট শক্তি প্রার্থনা করে নিজের পরিবার ও সহযোদ্ধাদের সোপর্দ করেন—শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে লিখেছিলেন, “হাসবিয়াল্লাহ।”

মতামত দিন