জাতীয়
ছবি: সংগৃহীত

নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে রাজশাহীতে।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে মারা যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেই গ্রামের বাড়ির পাশে স্থাপিত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজার সময় পুরো গ্রাম যেন শোকের ছায়ায় ঢেকে যায়। স্কুলপড়ুয়া শিশুরা থেকে শুরু করে বৃদ্ধজনেরা, সবার চোখ জলে ভেজা। উপস্থিত সবাই সাজিদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনায় অংশ নেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে। বাড়ির সামনে মাঠে মায়ের সঙ্গে হাঁটতে গিয়ে সাজিদ পড়ে যায় পরিত্যক্ত গভীর নলকূপে। ৩২ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতের দিকে উদ্ধার করা হলেও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু খড়ের নিচেই লুকিয়ে ছিল অরক্ষিত নলকূপের গর্ত। হঠাৎ হাঁটার সময় সে সেখানে পড়ে যায়। চিৎকার শুনে মা দ্রুত ফিরে এসে খড় সরালে দেখা যায়,ছেলে নলকুপে পড়ে গেছে।তার পর নলকূপই মৃত্যুর কারণ হয় দুই বছর বয়সী শিশু সাজিদের।

স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি ১২০ ফুট গভীরে পানি না পাওয়ায় নলকূপটি পরিত্যক্ত অবস্থায় খোলা রেখেছিলেন। এরপর বৃষ্টির কারণে গর্তের মুখ আরও বড় হয়ে যায়। কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় এই ট্র্যাজেডি ঘটে।

মতামত দিন