কানের নিচে গুলি লেগেছে হাদীর অবস্থা আশঙ্কাজনক,আগেই পেয়েছিলেন হত্যার হুমকি।
ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী প্রচারণার মাঝেই গুলির লক্ষ্য হয়েছেন। দুপুরের দিকে ঘটে যাওয়া হামলায় তার বাম কানের নিচে গুলি লাগে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শুক্রবার (১২ ডিসেম্বর) আড়াইটার কিছু পর গুরুতর অবস্থায় হাদীকে হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়ে তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসাধীন।
দুপুরে প্রচারণার সময় গুলির আঘাত পাওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
এরই আগে গত ১৩ নভেম্বর ওসমান হাদী অভিযোগ করেছিলেন—বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সেদিন রাতে ফেসবুকে তিনি পোস্ট করে জানান, তিন ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়।
স্ট্যাটাসে তিনি লেখেন, তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ক্ষতি করার কথাও বলা হয়েছে। তিনি দাবি করেন, ১৭ তারিখের রায়ের প্রসঙ্গ টেনে তাকে হত্যা করার হুমকিও দেওয়া হয়।
পোস্টে ওসমান হাদী আরও জানান, এক আবরারের রক্ত যেন হাজারো আবরারকে জাগিয়েছে—এক হাদী নিহত হলে আরও অসংখ্য হাদী তৈরি হবে। তার ভাষায়, স্বাধীনতার চিৎকার কোনো শক্তি রুখে দিতে পারবে না।
তিনি আল্লাহর কাছে শক্তি প্রার্থনা করে লেখেন, এই লড়াই থেকে এক চুলও পিছু হটার ইচ্ছা নেই তার। শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মতামত দিন