জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ, উত্তপ্ত প্রতিক্রিয়া ডাকসু ভিপির।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী নির্বাচনী প্রচারণার মাঝেই গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) প্রচারণায় থাকাকালীন মুহূর্তেই এ হামলা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

তাদের ভাষ্য, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করেছেন যে ওসমান হাদীকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর হুঁশিয়ারি দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের হাত থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে খুব শিগগিরই আন্দোলন শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, তারা খবর পেয়েছেন যে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন, তবে ঘটনাস্থল নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে আগামী জাতীয় নির্বাচনে লড়ছেন শরিফ ওসমান হাদী।

মতামত দিন