রাজনৈতিক দল আমাকে মনোনয়নের বিষয়ে আগ্রহ দেখিয়েছে: হিরো আলম।
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সবসময় বিতর্কের কেন্দ্রে থাকা আশরাফুল আলম হিরো আলম আবারও জাতীয় রাজনীতির আলোচনায় ফিরেছেন। নানা সময়ে নিজস্ব কনটেন্ট ও কর্মকাণ্ড নিয়ে আলোচনায় থাকা হিরো আলম এবার সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
তফসিল ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে কোন রাজনৈতিক দলের হয়ে প্রতীক নিয়ে দাঁড়াবেন—এ ব্যাপারে এখনো স্পষ্ট করে কিছু বলেননি। হিরো আলম জানিয়েছেন, অন্তত চারটি রাজনৈতিক দল তাকে মনোনয়নের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
তার ভাষায়, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগেও ভোট করেছি। এবার কয়েকটি দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করতে বলেছেন। তাই বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করছি। কোন দল থেকে থাকবো সেটা এখনই বলছি না—সময় হলে জানাবো।”
তিনি আরও জানান, গত কয়েকদিনে বিভিন্ন দলের নেতারা তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং ফোনেও কথা বলেছেন। প্রত্যেকেই তাকে মনোনয়নের নিশ্চয়তা দিয়ে তাদের দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এখনও কাউকে চূড়ান্ত সম্মতি দেননি।
হিরো আলম যে চারটি দলের নাম উল্লেখ করেন, সেগুলো হলো—
-
গণঅধিকার পরিষদ
-
আমজনতার দল
-
বাংলাদেশ লেবার পার্টি
-
বাংলাদেশ শ্রমজীবী পার্টি
তার বক্তব্য, “দল যেটাই হোক, আমার উদ্দেশ্য একই—মানুষের সেবা করা। যে দলের হয়েই দাঁড়াই না কেন, যেন মানুষের পাশে থাকতে পারি, এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
মতামত দিন