জাতীয়
ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর,যাচাইবাছাই শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন এ সংক্রান্ত সব তারিখ-সূচি প্রকাশ করেন।

পরে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে তপশিলের ঘোষণা প্রচারিত হয়।

সিইসির ঘোষণামতে, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত হয়েছে ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে আপত্তি থাকলে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং সেই আবেদনগুলো নিষ্পত্তি হবে ১২–১৮ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, আর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতীক বরাদ্দ হবে।

নির্বাচনী প্রচারণা শুরুর অনুমতি মিলবে ২২ জানুয়ারি থেকে, যা বন্ধ করতে হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়

ঘোষণা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট একই দিনে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেদিন ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। বিদেশে থাকা বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন; ইতিমধ্যে ৩ লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

মতামত দিন