গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১।
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত এক দিনে এই রোগে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৪ জনে। আর বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন।
মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আরেকজন ছিলেন ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাসকারী।
নতুন আক্রান্তদের ভৌগোলিক অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়—বরিশাল বিভাগে (সিটি এলাকার বাইরে) ৫০ জন,ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৬১ জন,ঢাকার উত্তরে ৫৬ জন,ঢাকার দক্ষিণে ৯৯ জন,চট্টগ্রাম বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৭০ জন,খুলনা বিভাগে ২৬ জন,ময়মনসিংহ বিভাগে ২০ জন,রাজশাহী বিভাগে ২১ জন,রংপুরে ২ জন,সিলেটে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ৬৬.৯ শতাংশ পুরুষ, আর ৩৩.১ শতাংশ নারী।
এ সময় সারা দেশের হাসপাতালগুলো থেকে ৪৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ২৫৩ জনে। চলতি বছর দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
ডেঙ্গুর ইতিহাসে ২০২৩ সাল ছিল সর্বোচ্চ আক্রান্তের বছর—সেই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
২০২৪ সালে এই সংখ্যা কমে দাঁড়ায়—ভর্তি ১ লাখ ১ হাজার ২১৪, মৃত্যু ৫৭৫।
মতামত দিন