ডিজি পরিদর্শনের সময় তর্কে জড়ানো সেই চিকিৎসক পুনর্বহাল।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পরিদর্শনের সময় তর্কে জড়ানো আবাসিক সার্জন ও সহকারী অধ্যাপক ডা. ধনদেব চন্দ্র বর্মণ পুনর্বহাল হয়েছেন। শোকজের সন্তোষজনক জবাব এবং ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে আগের পদে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বুধবার (১০ ডিসেম্বর) স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, গত ৬ ডিসেম্বর মহাপরিচালক মো. আবু জাফর মমেক পরিদর্শনে আসেন। এ সময় ডা. ধনদেব চন্দ্র বর্মণ অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এবং ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়।
পরবর্তীতে ডা. ধনদেব লিখিতভাবে ক্ষমা চেয়ে শোকজের জবাব দাখিল করেন। তিনি ভবিষ্যতে এমন আচরণ না করার অঙ্গীকারও করেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ওই প্রতিবেদন ও জবাব সন্তোষজনক মনে করায় তাকে ক্ষমা প্রদর্শন করা হয়। একই সঙ্গে তিনি তাকে আগের কর্মস্থল ‘ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ’ পদে পুনর্বহাল করার নির্দেশ দেন।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আদেশ বুধবার থেকে কার্যকর হয়েছে এবং ডা. ধনদেব কাজে যোগ দিয়েছেন।

মতামত দিন