তপশিল ঘোষণার আগে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল আজ ঘোষণার জন্য নির্ধারিত। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর নির্বাচন ভবনের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।
কমিশন ভবনের প্রধান সড়কে যান চলাচল সীমিত করা হয়েছে। ভবনের সামনের অংশে লোহার ব্যারিকেড স্থাপন করে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় যাচাই ছাড়া কাউকে ভবনে ঢুকতে দিচ্ছে না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আজ সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করবেন। ইতিমধ্যে ভাষণের রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং তা টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে।
এর আগে বুধবার কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজন ও তপশিল ঘোষণার প্রস্তুতি সম্পর্কে অবহিত করে। সূত্রের খবর অনুযায়ী, নতুন সংসদীয় আসনের সীমানার গেজেট প্রকাশ না হলে কমিশন ৩০০ আসনে তপশিল ঘোষণা করতে পারবে না।
গতকাল হাইকোর্ট বাগেরহাটের একটি আসন কমানো নিয়ে কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করেছে। ফলে আদালতের নির্দেশ অনুযায়ী নতুন করে গেজেট প্রকাশ করতে হবে। না হলে বাগেরহাট ও গাজীপুরের আসন বাদ দিয়ে ২৯১টি আসনে তপশিল ঘোষণা করতে হবে।
ইসি মনে করছে, রিভিউ করলে সময় ও ঝামেলার সমস্যা তৈরি হতে পারে। তাই আদালতের নির্দেশ মেনে দ্রুত তপশিল ঘোষণার আগে গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মতামত দিন