জাতীয়
ছবি: সংগৃহীত

৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের, নতুন সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া এলাকায় দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করার অভিযান আরও জটিল হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা ইতিমধ্যে ৪২ ফুট গভীর পর্যন্ত খনন করেছেন, কিন্তু সন্তানের কোন চিহ্ন মেলেনি। তাই নতুন করে আরও ১০ ফুট খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার সময় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, "গর্তটির গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট। এর ভেতরে শিশুটি যে কোনো জায়গায় আটকে থাকতে পারে। এমন গভীর গর্ত থেকে উদ্ধার করার জন্য বর্তমানে বিশ্বের কোনও প্রযুক্তিই পর্যাপ্ত নয়।নিরাপত্তার দিক বিবেচনা করে পাশের গর্ত খনন করা হচ্ছে। এমন ক্ষেত্রে উন্নত দেশেও উদ্ধার করতে ৭৫-৭৮ ঘণ্টা সময় লাগে।"

প্রথম পর্যায়ে ৩৫ ফুট গভীরে ক্যামেরা পাঠানো হয়, কিন্তু দেখা যায়নি। পরে তা ৪৫ ফুট পর্যন্ত পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে।

শিশুর মা রুনা খাতুন বলেন, "গত বুধবার দুপুরে আমি মেজো ছেলে সাজিদের হাত ধরে বাড়ির পাশের মাঠে যাচ্ছিলাম। হঠাৎ সে 'মা, মা' বলে চিৎকার করতে শুরু করল এবং পেছনে তাকাতেই দেখলাম সে গর্তে পড়েছে।" স্থানীয়রা জানান, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ শেষ হয়নি। ফলে গর্তটি খোলা অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে রয়ে গেছে।

স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও শিশুটিকে তুলতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

মতামত দিন