সময় বাড়লো অনিবন্ধিত ফোনের,১৬ ডিসেম্বর চালু হবে এনইআইআর।
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার–এনইআইআর কার্যক্রম শুরু করার প্রস্তুতি চূড়ান্ত—এ তথ্য জানিয়ে বুধবার রাতে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। তবে ব্যবসায়ীদের সঙ্গে টানা তিন দিনের আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, দেশের বাজারে ইতিমধ্যে থাকা যেসব মোবাইল ফোন এখনো নিবন্ধন হয়নি, সেগুলো ১৫ মার্চ পর্যন্ত বৈধভাবে এনইআইআর–এ নিবন্ধন করার সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ পথে আসা রিফার্বিশড, ক্লোনড কিংবা পুরোনো বিদেশি ফোনের প্রবেশ রোধ, মোবাইল চুরি ও ছিনতাই কমানো, অনলাইন জুয়া, এমএফএসসহ বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণ এবং শুল্ক ফাঁকি ঠেকাতেই এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে আমদানি–সংক্রান্ত প্রচলিত নিয়ম ভাঙা ছাড়াই যে কেউ ফোন আনতে পারবে, তবে কোন মডেল বা কত পুরোনো ফোন আনা যাবে—এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উপযুক্ত কর্তৃপক্ষকে জানাতে হবে।
এ ছাড়া মোবাইল ফোন আমদানির শুল্ক কাঠামো পুনঃনির্ধারণ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাও চলছে বলে জানানো হয়।
সবশেষে বলা হয়, এনইআইআর উদ্বোধন হবে ১৬ ডিসেম্বর, যেখানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং মোবাইল ব্যবসায়ী কমিউনিটির নেতারা সমর্থন জানাবেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
মতামত দিন