পোস্টাল ভোট অ্যাপে প্রবাসীদের ব্যাপক সাড়া, নিবন্ধন ছাড়িয়েছে ৩ লাখেরও বেশি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ দারুণ সাড়া ফেলেছে। নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত এই অ্যাপে নিবন্ধন করেছেন ৩ লাখ ৩ হাজার ৭০৮ জন প্রবাসী।
দেশভিত্তিক অংশগ্রহণেও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কোন দেশগুলো থেকে বেশি সাড়া মিলছে। সৌদি আরব থেকে সর্বোচ্চ ৮৩ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন। দ্বিতীয় স্থানে কাতার— প্রায় ২৫ হাজার নিবন্ধন। এর পরই যুক্তরাষ্ট্র, যেখানে ভোটার হয়েছেন ২০ হাজারের ওপরে।
ইসি জানায়, এবারই প্রথমবার প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্য আইটি–নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোট গ্রহণ করা হবে। এজন্য অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক। ১৯ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনার একটি বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষাপটে নতুন এই অ্যাপকে তারা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে।

মতামত দিন