তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহত, ফার্মগেটে সড়ক অবরোধ।
নিজেস্ব প্রতিবেদক:
তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবন ও আধিপত্য নিয়ে দু’টি ছাত্রদলপন্থী গ্রুপের দ্বন্দ্বের জেরে আহত সাকিবুল হাসান রানার মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ফার্মগেট এলাকা। বৃহস্পতিবার দুপুরের আগে থেকেই সহপাঠীর হত্যার বিচার দাবিতে হাজারো শিক্ষার্থী সার্ক ফোয়ারা–ফার্মগেট মোড়ের সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়।
বেলা ১১টার পর শিক্ষার্থীরা সড়কে নামে। তারা খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। সড়ক অবরোধ চলতে থাকায় আশপাশের রাস্তাগুলোতে দ্রুতই তীব্র যানজট তৈরি হয়। যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে ভোগান্তিতে পড়েন।
নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ২০২৪–২৫ সেশনের ছাত্র ছিলেন। বুধবার মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।
তেজগাঁও থানার ওসি ক্যশৈনু জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। সড়ক ছেড়ে কলেজের পাশে অবস্থান কর্মসূচি করার জন্য বোঝানো হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ফার্মগেট–কাওরান বাজার–ইলমারী রুটসহ পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত গত ৬ ডিসেম্বর রাতে। ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনজন—সাকিবুল হাসান রানা, হৃদয় আহমেদ এবং আইডিয়াল কলেজের ছাত্রী জান্নাত। পরবর্তীতে সাকিবুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মতামত দিন