জাতীয়
ছবি: সংগৃহীত

তপশিল ঘোষণা হলেই কার্যকর হবে আসিফ–মাহফুজের পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদ ছাড়ার সিদ্ধান্ত কার্যকর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার মুহূর্ত থেকেই—ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়ে দুজনই তাদের পদত্যাগপত্র তুলে দেন।

তবে তপশিল ঘোষণার আগে পর্যন্ত তারা আগের মতোই দায়িত্ব পালন করবেন। ড. ইউনূস তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই আন্দোলনের আদর্শ বজায় রেখে সামনে এগোতে উৎসাহ দিয়েছেন বলেও জানান শফিকুল।

পদত্যাগের পর কারা উপদেষ্টা পরিষদে তাদের স্থলাভিষিক্ত হবেন—এই বিষয়ে এখনো কোনো নাম চূড়ান্ত করা হয়নি। প্রেস সচিব বলেন, এ বিষয়ে একক সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রসমাজের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। প্রথমে শ্রম, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ।অন্যদিকে মাহফুজ আলম শুরুতে বিশেষ সহকারী হিসেবে কাজ করলেও, পরে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তিনিই তথ্য উপদেষ্টার দায়িত্ব নেন।

মতামত দিন