কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ।
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে হঠাৎ সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকেই তারা মোড়টি দখলে নিয়ে বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন।
ব্যবসায়ীরা অভিযোগ করছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার—এনইআইআর ব্যবস্থার জটিলতা এবং বাজারে তৈরি হওয়া একচেটিয়া সিন্ডিকেটের কারণে তাদের ব্যবসা সংকটে পড়েছে। পাশাপাশি তারা মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ চেয়ে আন্দোলনে নেমেছেন।
অবরোধ শুরু হতেই সার্ক ফোয়ারা মোড় দিয়ে চলাচলকারী যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন।যানবাহন আটকে পড়ায় যাত্রী ও পথচারীরা দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন।
বিক্ষোভকারীরা কিছু সময় পর সড়কের ওপর কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে উত্তেজনা আরও বাড়িয়ে দেন।ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, উত্তেজিত কয়েকজন যানবাহনেও ভাঙচুর চালিয়েছেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, সার্ক ফোয়ারা মোড়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, ব্যবসায়ীরা হঠাৎ সড়ক দখলে নেওয়ায় যানবাহন আর চলতে পারছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মতামত দিন