রাঙ্গামাটিতে ব্যবসায়ীদের আন্দোলন: মোবাইল দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।
রাঙ্গামাটির মোবাইল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য তাদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
তাদের দাবি, আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যক্রমে কিছু সংস্কার আনা, সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মোবাইল ফোন আমদানি সহজ করার ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, বর্তমানে ঘোষিত নিয়ম বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন এবং শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হবে। এর পাশাপাশি মোবাইল ফোনের দামও বাড়বে।
রাঙ্গামাটি মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, তারা এনইআইআর প্রক্রিয়ার বিরোধী নন। তবে, ন্যায্য করনীতি প্রণয়ন, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ এবং মুক্ত বাজারে সমান সুযোগ নিশ্চিত করার জন্য তাদের কিছু দাবি রয়েছে। তারা এই বিষয়গুলো সরকারের কাছে ব্যাখ্যা জানাতে চান।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেছেন, সরকারি কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে কোনো পরামর্শ না করেই হঠাৎ এনইআইআর কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে। এতে দেশের প্রায় ২৫ হাজার ব্যবসাপ্রতিষ্ঠান এবং তাদের সঙ্গে যুক্ত ২০ লাখেরও বেশি মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে।

মতামত দিন