জাতীয়
ছবি: সংগৃহীত

কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন,রাতের অগ্নিকাণ্ডে পুড়ল ১৩ দোকান।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের কোনাবাড়ীতে ভোরের অন্ধকার ভেদ করে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে এক ঝুট গুদাম। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাটে।

বুধবার (১০ ডিসেম্বর) আমবাগ পূর্বপাড়া এলাকার নজরুল ইসলামের গুদামঘর থেকেই অগ্নিকাণ্ডের শুরু—সময় তখন ভোর সাড়ে চারটা।

স্থানীয়রা জানান, গুদামের আগুন দ্রুত পাশের ছোট ছোট মুদি দোকানগুলোতে পৌঁছে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন দমনে কাজ শুরু করে। কিছুক্ষণ পর সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে ১৩টি দোকান পুরোপুরি পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আপাতত ধারণা করা হচ্ছে—শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে অনুমান করছেন। তবে দ্রুত উদ্ধার কাজ চালাতে পেরে প্রায় ১ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

সৌভাগ্যবশত, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

মতামত দিন