জাতীয়
ছবি: সংগৃহীত

অবৈধ ফোন বন্ধ ও এনইআইআর চালু নিয়ে সরকার অনড়: মোবাইল ব্যবসায়ীরা বৈঠকে হতাশ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার অবৈধ মোবাইল ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু বিষয়ে কোনো নমনীয়তা দেখাচ্ছে না বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সভাপতি মোহাম্মদ আসলাম।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ আসলাম বলেন, “বৈঠক কোনো ইতিবাচক ফল ছাড়াই শেষ হয়েছে। সরকার এনইআইআর চালু এবং অবৈধ ফোন বন্ধের বিষয়ে অনড় রয়েছে।”

তিনি আরও জানান, আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাণিজ্য মন্ত্রণালয় ও বিটিআরসি একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান জানিয়েছেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানোর বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে শুল্কছাড় কার্যকর হবে স্বল্প সময়ের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে ১০ সদস্যের মোবাইল বিজনেস কমিউনিটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠকের মূল দাবিগুলো ছিল এনইআইআর সিস্টেম সংস্কার এবং হ্যান্ডসেট নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা।

অন্যদিকে, মোবাইল ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি করেছেন, কর ফাঁকি দিয়ে আনা ৫০ লাখের বেশি হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়া হোক এবং বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে শুল্ক ৫৮ শতাংশ কমানো হোক।

মতামত দিন