জাতীয়
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে সব কোচিং সেন্টার সাময়িক বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সোমবার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন বা অফলাইনে কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না। অধিদপ্তরের এই সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। পরীক্ষার আগেই সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যায় বড় ধরনের সমন্বয় আনা হয়েছে।

এর আগে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের মাধ্যমে ১৪টি কলেজের ৩৫৫টি আসন কমানো হয়েছে, আর ৩টি কলেজে ৭৫টি আসন বাড়ানো হয়েছে।সব মিলিয়ে সরকারি খাতে আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টিতে।

অন্যদিকে, বেসরকারি ৬৬টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২৯২টি কমিয়ে ৬ হাজার ১টিতে নামিয়ে আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে এবার ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন