জাতীয়
ছবি: সংগৃহীত

আগামী মার্চ থেকে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল করবে: শেখ মঈনুদ্দিন।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সড়ক, সেতু ও রেল যোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন মঙ্গলবার (৯ ডিসেম্বর) জানান, আগামী ২০২৬ সালের মার্চ মাস থেকে রেল বিভাগ এই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।

তিনি বলেন, “বর্তমানে কিছু কোচের ঘাটতি রয়েছে, যা অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে। তারপর পাবনা থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু করা সম্ভব হবে।”

শেখ মঈনুদ্দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য নির্মিত, বর্তমানে অব্যবহৃত রেলস্টেশন পর্যালোচনা করে ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান। তিনি বলেন, দেশের নৌ, রেল ও সড়ক যোগাযোগের সমন্বিত আধুনিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প শুরু হয়েছে। জেলা পর্যায়ের সংযোগকারী মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং প্রধান সড়কগুলো প্রশস্তকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

পাবনার বিশেষ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আরিচা-খাসচর ফেরি সংযোগ, পাকশী-বাধেরহাট সড়ক ও কাশীনাথপুর-উল্লাপাড়া সড়ক প্রশস্তকরণ। এছাড়া ঈশ্বরদী রেলগেটে যানজট নিরসনের জন্য ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এই বিষয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি তুলে দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের কাছে।

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পাবনার ঈশ্বরদী পরিদর্শন করেন। মঙ্গলবার তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও নর্থ বেঙ্গল পেপারমিল স্কুলও পরিদর্শন করেন। এ সময় পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, জেলা বিএনপির নেতারা এবং পশ্চিমাঞ্চল রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন