জাতীয়
ছবি: সংগৃহীত

প্রবাসীদের পোস্টাল ভোটে বড় সাড়া: নিবন্ধন ছাড়াল ২ লাখ ৭৪ হাজার।

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পর্যন্ত এই নিবন্ধন সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭৪ হাজার ৩০৮ জন।

তথ্য অনুযায়ী, এতে ২ লাখ ৫২ হাজার ২২৭ জন পুরুষ ভোটার এবং ২২ হাজার ৯৫ জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে সৌদি আরব (৭৪,৭৮৩ জন), এরপর যুক্তরাষ্ট্র (২০,৩৩৪), কাতার (১৯,৩৪৫), সংযুক্ত আরব আমিরাত (১৬,৮৭৯) ও মালয়েশিয়া (১৫,১৩২) জন।

নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের জন্য নির্বাচন কমিশন সতর্ক করেছে, ভোটের সময় সঠিক অবস্থান ও ঠিকানা প্রদান করা আবশ্যক। সঠিক তথ্য না দিলে পোস্টাল ব্যালট পৌঁছানো সম্ভব হবে না।

আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা এই অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, “এখন বিশ্বের যেকোনো দেশ থেকে প্রবাসীরা এই অ্যাপ ব্যবহার করে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।”

প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।

মতামত দিন