জাতীয়
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৪৫৫।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও দুইজনের প্রাণহানি ঘটেছে।

একই সময়ে এডিসবাহিত জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন ৪৫৫ জন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার সর্বশেষ যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়—ডেঙ্গু রোগীদের বেশিরভাগই রাজধানী ও আশপাশের অঞ্চল থেকে এসেছে। ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন এবং দক্ষিণ সিটিতে ৫৫ জন নতুনভাবে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে আরও ৫৩ জনকে ভর্তি করা হয়।

রাজধানীর বাইরে বরিশালে সবচেয়ে বেশি ৫৭ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রামে ৫১ জন, রাজশাহীতে ৪৮ জন, খুলনায় ৪৪ জন, ময়মনসিংহে ৩২ জন, সিলেটে ৬ জন এবং রংপুর বিভাগে মাত্র ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

এদিকে গত একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৮৮ জন। বছরের শুরু থেকে মোট ৯৬ হাজার ২৩২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮-এ। এ সময়ের মধ্যে সারাদেশে মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ২৮৪ জন।

মতামত দিন