জাতীয়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ আগুনে ১০ পরিবার নিঃস্ব।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাতের আঁধারে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুনে বীরগাঁও গ্রামের পূর্বপাড়ার দশটি পরিবার এক ধাক্কায় গৃহহীন হয়ে পড়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাত প্রায় সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এখন প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অথবা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রথমে গ্রামের আবলি মিয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে জানা যায়, বৈদ্যুতিক তারে ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই জ্বালানি কাঠ–টিনের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। বাসিন্দারা পানির বালতি নিয়ে নেমে পড়লেও আগুনের তীব্রতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়, তবে ততক্ষণে শুকুর আলী, স্বপন মিয়া, শাহারুল মিয়া, সোহাগ মিয়া, মনসুর উল্লা, এশাদুল, নুরুজ্জামান, কামরুজ্জামান, জাকির হোসেন ও সেলিম মিয়ার ঘরসহ সব আসবাবপত্র ও নগদ অর্থ আগুনে ভস্মীভূত হয়ে যায়।

প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ জানান, পুরো এলাকায় ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। তার মতে, ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকার মতো হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঘটনাটি জানার পরই প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করছে এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হবে।

মতামত দিন