জাতীয়
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমান জামিন পেলেন।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে এক শোচনীয় ঘটনায় আটটি কুকুরছানা বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যা মামলায় আটক নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি-২ আদালত ৫ হাজার টাকার জামিন বন্ডে তার আবেদন মঞ্জুর করেন।

নিশি রহমান ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।ঘটনার সময় তার সঙ্গে দুই বছরের সন্তানও কারাগারে ছিলেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা।

মামলার তদন্ত চলমান রয়েছে।আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করলেও তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW) স্থানীয় প্রতিনিধি প্রকৌশলী হারুন অর রশিদ জানিয়েছেন, “নিষ্ঠুরতার এমন ঘটনায় শাস্তি প্রদান হলে অন্যরাও সতর্ক হবে। মামলাটি নিয়মিতভাবে এগিয়ে নিতে হবে।”

প্রসঙ্গত, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কাছাকাছি ‘টম’ নামের কুকুরটি সম্প্রতি আটটি ছানা প্রসব করেছিল। ১ ডিসেম্বর থেকে ছানাগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায়, নিশি রহমান রাতের অন্ধকারে ছানাগুলো বস্তাবন্দি করে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন ছানাগুলো উদ্ধার করা হয়, কিন্তু তারা প্রাণহীন।

এরপর মা কুকুরটিকে নতুন চারটি ছানা দেওয়া হয়েছে, যা সে যত্নসহকারে লালন করছে। স্থানীয়রা জানাচ্ছেন, মা কুকুরটি নতুন ছানাগুলোকে আগের ছানাদের মতোই নিজের সন্তান মনে করে পালন করছে।

মতামত দিন